২ এপ্রিল ২০২৬ - ১২:৩০
ট্রাম্পের বিরুদ্ধে ডি নিরোর কড়া মন্তব্য

যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ আন্দোলন জোরালো

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মার্কিন রাজনীতির উত্তাল প্রেক্ষাপটে আবারও রাস্তায় নেমেছে লাখো মানুষ। সেই প্রতিবাদের ভিড়ে কণ্ঠ মিলিয়েছেন হলিউডের কিংবদন্তি অভিনেতা রবার্ট ডি নিরো।


যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ আন্দোলনের সাম্প্রতিক বিক্ষোভে অংশ নিয়ে রবার্ট ডি নিরো সরাসরি আক্রমণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।


যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে আয়োজিত এই বিক্ষোভে আয়োজকদের দাবি, প্রায় ৮০ লাখ মানুষ অংশ নিয়েছেন। বড় শহর থেকে ছোট শহর—সবখানেই মানুষের ঢল নামে। নিউইয়র্ক, ওয়াশিংটন, আটলান্টা, সান ডিয়েগো—সব জায়গাতেই এক সুর, এক দাবি—গণতন্ত্র রক্ষার আহ্বান।

এই ‘নো কিংস’ আন্দোলন মূলত ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে একধরনের গণপ্রতিরোধ হিসেবে গড়ে উঠেছে। বিশেষ করে কঠোর অভিবাসননীতি, সামরিক তৎপরতা এবং শাসনব্যবস্থার ধরন নিয়ে ক্ষোভ থেকেই এই বিক্ষোভের জন্ম।

নিউইয়র্কে হাজারো মানুষের ভিড়ে দাঁড়িয়ে রবার্ট ডি নিরো বলেন, ‘ট্রাম্প আমাদের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য এক অস্তিত্বগত হুমকি।’

বরাবরই ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত এই অস্কারজয়ী অভিনেতা এবারও তাঁর অবস্থান স্পষ্ট করেছেন। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো চ্যালেঞ্জের মুখে পড়েছে।

২০২৫ সালে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকেই ‘নো কিংস’ আন্দোলন জোরালো হতে থাকে। গত এক বছরে এটি তৃতীয় বড় বিক্ষোভ, যেখানে আগের দুটির তুলনায় আরও বেশি মানুষের অংশগ্রহণ দেখা গেছে।
এই আন্দোলনের মূল বার্তা—কোনো একক ব্যক্তির কর্তৃত্ব নয়, বরং জনগণের সম্মতিতেই রাষ্ট্র পরিচালিত হবে। বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, ট্রাম্প প্রশাসন নির্বাহী ক্ষমতার অতিরিক্ত ব্যবহার করছে এবং রাজনৈতিক প্রতিপক্ষ দমনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha